২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ২

ঢাকার কেরানীগঞ্জে ১৪ ঘণ্টা পর অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ; ওই ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটকও করা হয়।  

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

কেরানীগঞ্জ মডেল থানার এসআই এ কে এম সাইদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে নারায়ণ ঘোষকে (৫৫) উদ্ধার করা হয়।

নারায়ণ কেরানীগঞ্জের রুহিতপুর বাজারের সুস্মিতা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক।

আটকরা হলেন কদমতলীর মুরাদনগরের সালেহ আহম্মদের ছেলে মো. আলমগীর হোসেন (৪৩) ও ঢাকার নবাবগঞ্জের ছোট বক্সনগর গ্রামের মো. নাসিরের ছেলে মো. রানা (৩০)।

এসআই সাইদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই তিন ব্যক্তি নারায়ণের দোকানে গিয়ে এক মণ মিষ্টির অর্ডার দেন।

“পরে অর্ডারের টাকা অগ্রিম দেবে বলে নারায়ণকে একটি অটোরিকশা করে রাজধানীর কদমতলীর মুরাদনগরে নিয়ে একটি ঘরে আটকে রাখেন।

“বেলা ১১টার দিকে অপহরণকারীরা নারায়ণের ভাতিজা প্রসেজিতের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।”

এসআই বলেন, প্রসেনজিৎ প্রথমে একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠান এবং পুলিশকে জানান। পুলিশ অপহরণকারীদের নম্বর থেকে তাদের অবস্থান শনাক্ত করে প্রসেনজিৎকে বিকাশে আবার টাকা পাঠাতে বলে।

“রাতে আরও ২০ হাজার টাকা পাঠানো হলে ওই টাকা তুলে নেওয়ার সময় পুলিশ আলমগীরকে আটক করে।”

পরে তার দেওয়া তথ্যে রাত ১০টার দিকে তার মুরাদনগরের বাসা থেকে অপর অপহরণকারীকে আটক ও নারায়ণকে উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানায় নারায়ণের ভাতিজা প্রসেনজিৎ বাদী হয়ে মামলা করলে শুক্রবার দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই সাইদুজ্জামান জানান।