জাহাঙ্গীরনগরে ছাত্রদলকর্মীকে মারধরে ছাত্রলীগ নেতাকর্মীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে ক্যাম্পাসে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আহত মো. ইসরাফিল হোসাইনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪২তম আবর্তনের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ছাত্র।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবন সংলগ্ন মুরাদ চত্বরে এ মারধরের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “ইসরাফিলের মাথায় ও কানের পাশে আঘাত লাগায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
আহত ইসরাফিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার ঢাকা থেকে ক্লাস করতে বিভাগে আসি। ক্লাসের ফাঁকে মুরাদ চত্বরে চা খাওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন এসে আমাকে এলোপাথারি মারতে থাকে।”
পরে বিভাগের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় বলে জানান তিনি।
ইসরাফিলের দাবি, শাখা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদের নেতৃত্বে শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মাহবুব হাসান শান্ত, মাহফুজুল হক সানি, শহীদ সালাম-বরকত হলের সাংগঠনিক সম্পাদক কার্তিক ঘোষ নিরব ও কার্যকরী সদস্য মাহিন শাহরিয়ারসহ কয়েকজন মিলে তাকে মারধর করে।
মারধরকারী ছাত্রলীগ নেতাকর্মীরা সবাই শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।
মারধরের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, “ইসরাফিলের বিরুদ্ধে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিসহ ছাত্রদলের ধর্মঘটে ক্লাস রুমের তালায় সুপার গ্লু লাগানোর অভিযোগ পেয়েছিলাম। তাই আজ জুনিয়র কর্মীরা তাকে মারধর করেছে।”
এদিকে ইসরাফিলের ওপর এই হামলার নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে দাবি জানাই।”
তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি জানিয়ে সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
