যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
যশোর শহরে পুলিশসহ তিনপক্ষের কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
শহরের বারান্দীপাড়া সেতুর পশ্চিম পাশে ভৈরব নদের তীরে বাবুর বাগানে সোমবার রাত পৌনে ৩টার দিকে আজিজুল ইসলাম নেছার নিহত হন বলে জানান কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন।
আজিজুল ইসলাম নেছার (৩০) শহরের বেজপাড়ার আব্দুল গফ্ফারের ছেলে।
পুলিশ বলছে, ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনের লাশ পাওয়া যায়।
তবে একদিন আগে সাদা পোশাকের লোকজন পুলিশ পরিচয়ে নেছারকে ধরে নিয়েছিল বলে অভিযোগ নিহতের স্বজনদের।
ওসি ইলিয়াস বলেন, রাতে বারান্দীপাড়া এলাকায় ডাকাতদের সঙ্গে মাদক বিক্রেতাদের গোলাগুলি হচ্ছে বলে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়।
“পরে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের হটিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এছাড়া একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও তিনটি দা উদ্ধার করা হয়।”
গুলিবিদ্ধ নেছারকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকালে পরিবারের লোকজন এসে তাকে শনাক্ত করেন বলে ওসি ইলিয়াস জানান।
হাসপাতালের চিকিৎসক কাজল মল্লিক বলেন, এক রাউন্ড গুলি নেছারের মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
নিহতের শ্যালিকা আঁখি খাতুন বলছেন, রোববার রাতে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে নেছারকে ধরে নেওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি মোটর পার্টসের ব্যবসা করতেন।
