২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ভিক্ষুর উপর হামলার প্রতিবাদ

কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষু উপর হামলায় জড়িতদের শাস্তি ও একটি মন্দিরের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

কক্সবাজারে ভিক্ষুর ওপর ‘হামলাকারী’ গ্রেপ্তার
জমির বিরোধ: কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, উইমাতারা ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মংছাচিং রাখাইন, প্রজ্ঞানন্দ ভিক্ষু ও মংথেন হ্লা রাখাইন বক্তব্য রাখেন।

পরে তারা জেলা প্রশাসক মো. আলী হোসেনের বরাবর একটি স্বারকলিপি দেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, উইমাতারা ক্যাং এর বেশকিছু জমি গত দেড়-দশক ধরে অবৈধভাবে দখলে রেখেছে কিছু প্রভাবশালী ব্যক্তি। আদালতের নির্দেশের পরও প্রশাসন ‘রহস্যজনক কারণে’ এসব দখলদারদের উচ্ছেদ করছে না।

ক্যাং-এর জমির অবৈধ দখলদারদের ইন্ধনে উইমাহ্লাটারা ক্যাংয়ের অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু উঃপাণ্ডিতা মহাথেরকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে বক্তারা অভিযোগ করেন।

দ্রুত হামলাকারির দৃষ্টান্তমূলক শাস্তির এবং ক্যাং এর জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি জানান তিনি।

গত ১৩ জুলাই সকালে কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং সংলগ্ন উইমাতারা ক্যাং এর অধ্যক্ষের উপর হামলা চালায় এক যুবক। এতে বৌদ্ধ ভিক্ষুর মাথায় গুরুতর জখম হয় এবং দুই হাত ভেঙ্গে যায়। তিনি এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় উইমাতারা ক্যাং পরিচালনা কমিটির সভাপতি মংছাচিং রাখাইন বাদী হয়ে একজনকে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছেন।

এতে জড়িত অভিযোগে কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে মংয়াইন রাখাইনকে গত ১৪ জুলাই বান্দরবানের লামার রূপসী পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।