জমির বিরোধ: কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর উপর হামলা
জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজার শহরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন একজন বৌদ্ধ ভিক্ষু।
বুধবার সকাল ৭টার দিকে কক্সবাজার শহরের অগ্গমেধা ক্যাং সংলগ্ন ‘উইমাহ্লাটারা ক্যাংয়ে’ এই হামলার ঘটনা ঘটে বলে জেলার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান।
আহত উঃপাণ্ডিতা মহাথের (৭৭) উইমাহ্লাটারা ক্যাং এর অধ্যক্ষ।
যার বিরুদ্ধে অভিযোগ, সেই মংয়াইন রাখাইনও একজন বৌদ্ধ ভিক্ষু। তবে তিনি কোনো মঠে অবস্থান করেন না বলে স্থানীয় রাখাইনদের ভাষ্য।
পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলার ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে মংয়াইন বুধবার সকালে উইমাহ্লাটারা ক্যাংয়ে প্রবেশ করে অধ্যক্ষ উঃপাণ্ডিতা মহাথেরও পর হামলা চালায় এবং তাকে পিটিয়ে আহত করে।
হামলাকারী চলে যাওয়ার পর মন্দিরে অবস্থানরত এক শিক্ষার্থী ফোন বিষয়টি জানালে ক্যাং কমিটির লোকজন রক্তাক্ত অবস্থায় অধ্যক্ষকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সুপার শ্যামল বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের লোকজন পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে, হামলাকারীকে গ্রেপ্তারে অভিযানও চলছে।”
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, আহত বৌদ্ধ ভিক্ষুর মাথার তিনটি স্থানে কেটে গেছে। হাত ও পায়ে লোহার রড বা লাঠির আঘাতের মত জখম পাওয়া গেছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই চিকিৎসক।
উইমাহ্লাটারা ক্যাং এ অবস্থানকারি শিশু সেবায়েত চাচে মার্মা জানায়, সকালে ক্যাং এর গেইটে লাঠি দিয়ে আঘাত করে এক ভিক্ষু খুলে দিতে বলে। গেইট খুলে দিলে হাতে টাকা দিয়ে তাকে নাস্তা আনতে দোকানে পাঠায় সেই ভিক্ষু।
ওই ক্যাংয়ে অবস্থানকারী কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অংচেন মার্মা বলেন, “হামলার সময় আমি ক্যাং এর নিচ তলায় ছিলাম। হঠাৎ অধ্যক্ষের চিৎকার শুনে সিঁড়িতে গেলে হামলাকারী ওই ভিক্ষু আমাকে হুমকি দেয়।”
আদিবাসী ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইন বলেন, তিনটি গেইট পার হয়ে উইমাহ্লাটারা ক্যাংয়ে প্রবেশ করতে হয়। উঃপাণ্ডিতা মহাথেরর উপর হামলার ঘটনার আগে স্থানীয় লোকজন মংয়াইন রাখাইনকে (৪৫) লাঠি হাতে ওই ক্যাংয়ের দিকে যেতে দেখেছেন।
“ক্যাং এর জমি নিয়ে দীর্ঘদিন ধরে মংয়াইনের পরিবারের লোকজনের সঙ্গে ক্যাং কমিটির বিরোধ চলছে। এই বিরোধের জের ধরে হামলা হয়ে থাকতে পারে, বলেন তিনি।
উইমাহ্লাটারা ক্যাং কমিটির সভাপতি মংচাচিং রাখাইন বলেন, হামলাকারী মংয়াইনের পূর্বসূরীরা উইমাহ্লাটারা ক্যাং এর জিন্মাদার (সেবায়েত) ছিলেন। সেই সূত্রে ক্যাং এর জমির মালিকানা দাবি করে আসছে তারা।
“বিরোধের বিষয়টি নিয়ে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আদালতে গেলে বিচারক অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দেন। এরপর কয়েকজন অবৈধ দখলদারকে উচ্ছেদ করা গেলেও বড় একটি অংশ বেদখল থেকে যায়।”
এখন ক্যাংয়ের পুরো জমির দখলে নিতে পুরোহিতের উপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
