মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি, ২ জেলের লাশ উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজদের মধ্যে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে হাতিয়ার ঠেঙ্গারচর সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয়রা ওই দুই জেলের মৃতদেহ উদ্ধার করে বলে জানান হাতিয়া থানার ওসি আরিছুল হক।
নিহতরা হলেন আরিফ (২৫) ও আলাউদ্দিন (২৮)।
এছাড়া মাসুদ (২৬) নামের আরেক জেলে নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
ওসি আরিছুল বলেন, গত বুধবার সকালে হাতিয়ার রয়ারচরের চেয়ারম্যান ঘাট থেকে এমভি পারভীন নামের একটি মাছ ধরার নৌকা ১৬ জন জেলে ও মাঝি-মাল্লা মেঘনা নদীতে যায়। শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে ডুবে গেলে তিনজন নিখোঁজ হয়
“শনিবার সকালে নিখোঁজ জেলে ও নৌকা উদ্ধারে অভিযান চালায় স্থানীয়রা। এক পর্যায়ে তারা ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে তীরে নিয়ে এলে ভেতরে আরিফ ও আলাউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়।”
