শিশু হাসমি হত্যা: ২ আসামির জবানবন্দি
খুলনায় শিশু হাসমি হত্যায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরা হলেন, নুরুন্নবী (২৫) ও রসুল (১৯)।
নগরীর আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খান শনিবার এ কথা জানান।
গত ৯ জুন নগরীর কার্ত্তিককুল এলাকা থেকে নিখোঁজ হাশমির (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করেন।
গত ১৫ জুন আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন আসামি নুরুন্নবী ও রসুলকে আদালতের নির্দেশের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নেয় পুলিশ।
ওসি নাসিম বলেন, “জিজ্ঞাসাবাদে আসামি নুরুন্নবী ও রসুল শিশু হাসমি হত্যায় নিজের জড়িত থাকার কথা জানায়।
“এ বিষয়ে শনিবার বিকালে তারা খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।”
এর আগে এ ঘটনায় গ্রেপ্তার হাশমির মা সোনিয়া বেগম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশের ভাষ্য।
