খুলনায় হাশমি হত্যার ২ আসামি রিমান্ডে
খুলনা নগরীর আড়ংঘাটায় শিশু হাশমি হত্যা মামলার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার খুলনা মহানগর হাকিম মো. ফারুক ইকবাল এ আদেশ দেন বলে আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খান জানান।
এরা হলেন নগরীর দৌলতপুরের মো. জলিলের ছেলে নুরুন্নবী (২৫) ও আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা এলাকার রসুল (১৯)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, দুপুরে নুরুন্নবী ও রসুলকে আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৯ জুন নগরীর কার্ত্তিককুল এলাকা থেকে শিশু হাশমির (৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা করেন।
এ ঘটনায় গ্রেপ্তার হাশমির মা সোনিয়া বেগম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
