জয়পুরহাটে ১ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন
জয়পুরহাটে চাঞ্চল্যকর জিয়াউল হাসান সুমন (৪০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
সোমবার বিকেল পৌনে ৫টায় অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ রায় প্রদান দেন বলে সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান।
ফাঁসির আদেশপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩১) জয়পুরহাট শহরের পাটারপাড়ার আব্দুল মজিদের ছেলে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন (২৮), একই মহল্লার ছানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ স্বপন (২৯) ও আব্দুল মমিনের ছেলে মিঠু হোসেন (২৭)।
কৌঁসুলি নৃপেন্দ্রনাথ সাংবাদিকদের বলেন, আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে ২০১৩ সালের ২৩ জুন দুপুরে সদর হাসপাতাল মোড়ে জিয়াউল হাসান সুমনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
“এ ঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আক্তার সদর থানায় চারজনের নামে মামলা করেন।”
রায় ঘোষণার সময় সব আসামি উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
