২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় আ.লীগ প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের এক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 04:56 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শুক্রবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলার আবাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মোকতার আহমেদ মৃধা।

তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা কেউ নির্বাচনে তাকে সহায়তা করছেন না। তার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন না।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, পুলিশ তার সমর্থকদের হয়রানি করছে।

“আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। কিন্তু অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। এখন জীবনের উপর হুমকি দেখা দিয়েছে।”

এসব কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বলে দাবি করেন।

তবে বৃহস্পতিবার রাতে প্রত্যাহৃত ওসি মজিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছি।”

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন শিকদার সোনা বলেন, মোকতার আহমেদ মৃধা আওয়ামী লীগের নেতা-কর্মীদের কোনো কাজেই ডাকেননি।

শনিবার আবাইপুর ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে।