নোয়াখালীতে বজ্রপাতে বাবা-মা-ছেলের মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মুছাপুরে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি।
এরা হলেন কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সহিদুল হক (৩৫), তার স্ত্রী লাইজু (২৫) ও তাদের দুই বছর বয়সী ছেলে আব্দুল হক।
ওসি ফজলে রাব্বি বলেন, সাইদুল স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে চর ফকিরা ইউনিয়নে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে বৃষ্টি নামলে মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে আশ্রয় নিতে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
লাশ চর ফকিরায় সাইদুলের শ্বশুর বাড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি।
