২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেশনে ছুরি মেরে রেলযাত্রীকে হত্যা

নেত্রকোণার মোহনগঞ্জ রেলস্টেশনে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তির ছুরিকাঘাতে এক রেলযাত্রী নিহত ও এক শিশুসহ দুই জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মোহনগঞ্জ রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান মজনু জানান, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত বাদল বিশ্বাস (৫৫) সুনামগঞ্জের মেন্দিপুর গ্রামের অশ্বিনী বিশ্বাসের ছেলে।

আহত মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া গ্রামের ইমন (৫) ও অনিককে (১৮) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, “হঠাৎ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ছুরি নিয়ে রেলের জন্য অপেক্ষারত যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় তার এলোপাথাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যান বাদল বিশ্বাস।

আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।”

ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি বলে জানান এসআই হাসান।