সভাপতির ‘কথা না শোনায়’ অধ্যক্ষকে বরখাস্ত
পরিচালনা কমিটির সভাপতির কথা মতো কাজ না করায় এবার বগুড়ায় একটি কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত ও বরখাস্তের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মধ্যে মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে ‘লাঠিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের’ সাময়িক বরখাস্ত অধ্যক্ষসহ ৪৪ শিক্ষক-কর্মচারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ রোকেয়া পারভীন অভিযোগ করেন, কমিটির সভাপতি ফারুক আহমেদ আবারও তাকে সভাপতি করার জন্য অসৎ উপায়ে সহযোগিতা করার প্রস্তাব দেন।
“তার প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে ফারুক আহমেদ বলছেন, প্রতিষ্ঠানের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোকেয়া পারভীন বলেন, ফারুক আহমেদ বিদ্যালয়ের প্রায় আট লাখ টাকা মূল্যের গাছসহ ঝড়ে পড়ে যাওয়া টিন পর্যন্ত বিক্রি করে দিয়েছেন।
“তিনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বসার বেঞ্চ এবং ভবন সংস্কার না করে বিদ্যালয়ের ফান্ডে থাকা টাকা আত্মসাৎ করেছেন।”
তিনি বলেন, ছয় বছর ধরে তিনি সভাপতি। আবারও তাকে সভাপতি হওয়ায় সহযোগিতার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ এপ্রিল সভা দেখিয়ে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“কিন্তু আমি গত ১৪ মে গ্রীষ্মের ছুটির আগ পর্যন্ত কাজ করেছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত কমিটির সদস্য মো. শাজাহান আলী বলেন, “তিনি তিনবার সভাপতি থাকা অবস্থায় স্কুলের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। আমরা এর তদন্ত চাই।”
ফারুক আহমেদ নিজেকে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পরিচয় দিয়ে বলেন, “আসলে আমার বিরুদ্ধে বিএনপির কিছু লোক শিক্ষকদের উস্কে দিচ্ছে। প্রতিষ্ঠানের হিসাব না দেওয়ায় নিয়ম অনুযায়ী অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
