শিশু শ্রমিককে ‘নির্যাতন করে হত্যা’, আটক ২
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দময় বেকারিতে এক শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মো. আলাউদ্দিনের (১২) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন জানান।
এ ঘটনায় বেকারির দুই মালিক নাছির উদ্দিন রনি ও মো. আল আমিন এবং শ্রমিক ইব্রাহীম প্রকাশ শাহজাহান, শামীম ও মিজানকে আসামি করে মামলা হয়েছে।
নিহত আলাউদ্দিনের বাবা দত্তপাড়া ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদ বলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দময় বেকারিতে আলাউদ্দিনসহ চার শ্রমিক কাজ করতেন।
আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন, বেকারির মালিক এবং শ্রমিক ইব্রাহীম প্রকাশ শাহজাহান, শামীম ও মিজান আলাউদ্দিনকে নির্যাতন করে হত্যা করেছে।
সদর হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিহত আলাউদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
“তাকে শ্বসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।”
পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর শিশু আলাউদ্দিনের লাশ বিল্ডিংয়ের দোতলায় সিঁড়ির একটি রডের সাথে ঝুলিয়ে রেখে ভবনের গেটে তালা ঝুলিয়ে রাখা হয়।
“রোববার রাত ৮টার দিকে ওই বেকারির শ্রমিকদের সর্দার ইব্রাহীম প্রকাশ শাহজাহান মোবাইলে বেকারির এক মালিককে জানায়, আলাউদ্দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ কথা বলেই সে তার মোবাইল বন্ধ করে দেয় বলে ওই মালিক জানিয়েছেন।”
এরপর বেকারির মালিকরা চন্দ্রগঞ্জ থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ সুপার জানান।
চন্দ্রগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ বলেন, এ ঘটনায় নিহত আলাউদ্দিনের বাবা আজাদ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
“মামলার আসামি বেকারির দুই মালিককে আটক করা হয়েছে।”
পলাতক আসামি তিন শ্রমিককে ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান।
