লক্ষ্মীপুরে শিশু শ্রমিককে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুরে সদরে একটি বেকারি থেকে এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ।
নিহত আলাউদ্দিন (১৪) সদরের দত্তপাড়া ইউনিয়নের উত্তর মাগুরী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লাহ বেকারিতে সোমবার ভোরে তার লাশ পাওয়া যায় বলে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটি ওই বেকারিতে ৭/৮ মাস আগে কাজে যোগ দিয়েছিল। সকালে শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে বেকারির ভেতর থেকে আলাউদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেকারির মালিক নাছির উদ্দিন রনি ও শ্রমিক মোহাম্মদ আল-আমিনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহত শিশুর বাবা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলেকে হত্যা করা হয়েছে।”
মামলার বিষয়ে পুলিশের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলে জানালেও হত্যাকারী হিসেবে কারো নাম উল্লেখ করেনি তিনি।
আলাউদ্দিনের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
