বগুড়ায় গ্রেনেডে নিহত একজন ‘জেএমবির সামরিক প্রধান’
বগুড়ার শেরপুরের গ্রেনেড বিস্ফোরণে নিহত আরেকজনের পরিচয় পাওয়া গেছে।
তার নাম রাইসুল ইসলাম খান, বাড়ি ময়মনসিংহে, পড়তেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে।
রাইসুল চট্টগ্রাম শাখা জেএমবির সামরিক প্রধান ছিলেন বলে রোববার বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
রাইসুল চট্টগ্রামের আলোচিত ন্যাংটা ফকির হত্যা ও হিন্দু ব্যবসায়ীকে গ্রেনেড নিক্ষেপ করে টাকা ছিনতাইয়ের হোতা ছিলেন বলেও পুলিশ সুপারের দাবি।
গত ৩ এপ্রিল বগুড়ার শেরপুর জুয়ানপুর কুঠি ভিটায় এক বাড়িতে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত হয়।ওই ঘটনায় নিহতদের একজন সিরাজগঞ্জের তরিকুল বলে শনাক্ত করে তার পরিবার।
পুলিশ সুপার বলেন, রাইসুল কখনও ফারদিন, নোমান কখনও সজল, রাসেল পরিচয় দিয়ে চলাফেরা করতেন। তবে চট্টগ্রামে তিনি ফারদিন নামেই বেশি পরিচিত ছিলেন।
“জেএমবির পরিচয় ধরেই ফারদিন পরিচিত হয় বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল বাকির ছেলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে, যে বোমা সাকিল নামে পরিচিত ছিল পুলিশের কাছে।”
আদর্শের সঙ্গে মিল ও সমমনা হওয়ায় ২০১২ সালে মোস্তাফিজের ছোট বোন মাসুমার সঙ্গে ফারদিনের বিয়ে হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।
এসপি বলেন, মোস্তাফিজের পরিবার জেএমবির সঙ্গে সম্পৃক্ত।শনিবার রাতে শাজাহানপুর থেকে মাসুমাকে গ্রেপ্তার করা হয়ে। তাদের আরেক ভাইকে খোঁজা হচ্ছে।
বাড়ি ভাড়া নেওয়া কথিত অটোরিকশা চালককেও খোঁজা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।
