পার্বতীপুরে এক কেন্দ্রে ভোট স্থগিত
ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটায় দিনাজপুরের পার্বতীপুরের একটি ইউনিয়নে এক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়ে গেছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, শনিবার সকালে উপজেলার বেলাইচণ্ডি ইউনিয়নের কৈপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তৌহিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ভোট শুরুর ১৫ মিনিট পর আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ রাজা ৩০/৩৫ জন লোক নিয়ে কেন্দ্রে প্রবেশ করে তার কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকে।”
এরপর জেলা নির্বাচন কর্মকর্তার নির্দেশে ওই কেন্দ্রের ভোট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় দিনাজপুরের চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার ২০টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
