বরিশালে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
বরিশালে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার নগরীর সিএ্যান্ডবি রোডের হাতেম আলী কলেজ চৌমাথায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার এসআই রেজাউল ইসলাম জানান।
তিনি বলেন, সকালে ট্রাক চাপায় ওই নারীর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
পরিচয় পাওয়া না গেলে অজ্ঞাত হিসেবে তার লাশ দাফন করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই রেজাউল।
