২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনা তীর রক্ষা বাঁধে ধস

যমুনা নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধের প্রায় এক কিলোমিটার অংশে ধস দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

রোববার রাতে ঝড়ে নদীর পানি বাঁধের পাড়ে আঘাত হানায় নির্মাণাধীন বাঁধের জিওব্যাগ ভর্তি বালির বস্তা নদীগর্ভে চলে গেছে বলে জানান টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের কারণে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চৌহালীর উত্তর সীমান্তের চেকির মোড় থেকে দক্ষিণ দিকে খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত বাঁধের প্রায় এক কিলোমিটার এলাকার জিওব্যাগ নদী গর্ভে চলে গেছে।

এছাড়া বাঁধের উত্তর দিকে টাঙ্গাইলের নাগরপুরে প্রায় সোয়া কিলোমিটার এলাকায় জিওব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান তিনি।

 

ধসের কারণ হিসাবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করলেও স্থানীয়রা এ জন্য নিম্নমানের কাজ ও কর্মকর্তাদের দুর্বল তদারকিকেই দুষছেন।

খবর পেয়ে ওই অংশের বাঁধ নির্মাণের দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী এবং তীর রক্ষা প্রকল্পের পরিচালক (পিডি) আমিনুল হক সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিম্নমানের কাজ এবং প্রকৌশলীদের দুর্বল তদারকির বিষয়টি অস্বীকার করে শাহজাহান আলী বলেন, “আকস্মিক এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঠেকানোর জন্য কোনো উপায় আমাদের জানা নেই। রোববার গভীর রাতে ঝড়ে নদীর পানি ৭/৮ ফুট বৃদ্ধি পেয়ে বাঁধের তীরে আঘাত হানে।”

আগামীতে কীভাবে এটি মেরামত, সংস্কার বা পুনরুদ্ধার করা যায় সেটির  উপায় খোঁজা হচ্ছে বলে জানান তিনি।