‘মাদকাসক্ত ছেলের’ পিস্তলের গুলিতে বাবার মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে মাদকাসক্ত ছেলের পিস্তলের গুলিতে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার এসআই মো. সাইদুজ্জামান।
নিহত মো. মমতাজ উদ্দিন (৬০) জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার পর থেকেই নিহতের ছেলে মো. তমিজ উদ্দিন ওরফে তমু (২৫) পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাইদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তমু মাদকাসক্ত। প্রায়ই সে তার বাবার কাছে মাদকের টাকা চেয়ে বাড়িতে ভাংচুর ও ঝগড়া করত।
“টাকা না দিলে সে পরিবারের লোকজনকে মারধর করত এবং মেরে ফেলার হুমকি দিত।”
ওসি বলেন, রোববার দুপুরে মমতাজ উদ্দিন জমিতে কাজ শেষে বাড়ি ফিরে চিড়া খাওয়ার সময় তার ছেলে তমু হঠাৎ এসে পিস্তল বের করে তার বাবাকে গুলি করে পালিয়ে যায়। মমতাজ উদ্দিনের বুকের ডান পাশ গুলিবিদ্ধ হয়।
“স্থানীয়রাগুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
