২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ গ্যাস সংযোগ: ‘আ.লীগ সমর্থক’কে আসামি

বাড়ি বাড়ি অবৈধ গ্যাসের সংযোগ দেওয়ার অভিযোগে ‘আওয়ামী লীগের এক সমর্থকসহ’ ২০২ জনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 12:26 PM

বুধবার দুপুরে তিতাস গ্যাস ট্রন্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।

মামলায় আওয়ামী লীগ সমর্থক মোশারফ খান ও চাঁন মিয়া অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকবর আলী খান।

“অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মামলার বাদী তিতাস গ্যাস ট্রন্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাভার আঞ্চলিক শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ বলেন, “আওয়ামী লীগ নেতা মোশারফ খান ও তিতাসের কথিত ঠিকাদার পরিচয়দানকারী চান মিয়ার নেতৃত্বে একটি চক্র রাতের আধারে আশুলিয়ার দোসাইদ ও আশপাশের এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ থেকে অবৈধভাবে বাড়ি বাড়ি গ্যাসের সংযোগ দেয়।

“সংযোগ প্রতি ৬০-৭০ হাজার টাকা নিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় তারা।”

এর আগে মঙ্গলবার বিকালে তিতাস কর্তৃপক্ষ আশপাশের এলাকাসহ দোসাইদে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় দেড়শ ফুট পাইপ লাইন জব্দসহ কয়েক শ’ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মামলার প্রধান আসামি মোশারফ খান মোবাইল ফোনে জানান, তিনি আওয়ামী লীগের কোনো পদে নেই। তবে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডে অংশ নেন।

অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমি অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত নই। আমি দোষাইদ এলাকার একটি মসজিদের ক্যাশিয়ার। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”