ফেনীতে ২০ লাখ টাকাসহ ব্যবসায়ী নিখোঁজ
ফেনী শহরে ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার পর এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে।
একইদিন আরেক ব্যবসায়ীকে পায়ে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার এ দুটি ঘটনায় থানায় অভিযোগ হয়েছে বলে জানায় পুলিশ।
নিখোঁজের ঘটনায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি হয়েছে শুক্রবার এবং গুলি করে ছিনতাইয়ের ঘটনায় মামলা হয় বৃহস্পতিবার রাতে।
নিখোঁজ রাশেদ হোসেন (২৫) শহরের পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা আবদুর রহমান হাজারীর ছেলে।
ওই ঘটনায় তার ভাই এরশাদ হোসেন ফেনী মডেল থানায় জিডি করেছেন।
জিডিতে এরশাদ হোসেন উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আইসিবি ইসলামিক ব্যাংকের ফেনী শাখা থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেন তার ছোট ভাই ব্যবসায়ী রাশেদ হোসেন।
“এরপর তিনি ব্যবসা প্রতিষ্ঠান বা বাসায় না ফিরলে তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। রাশেদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।”
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, ব্যবসায়ী নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে বৃহস্পতিবার বিকালে শহরের সার্কিড হাউজ রোড এলাকায় গরু ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুনের (৩০) পায়ে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত মামুন বলেন, গরু কিনতে বাড়ি থেকে বের হয়ে পাঁচগাছিয়া বাজারে যাচ্ছিলেন তিনি। পথে তার রিকশার গতিরোধ করে স্থানীয় ‘সন্ত্রাসী শিপন’সহ ৪/৫ জন।
এ সময় তার সঙ্গে সন্ত্রাসীদের হতাহাতির এক পর্যায়ে সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে টাকার ব্যগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানান মামুন।
তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফেনী মডেল থানার এসআই আমল চন্দ্র দাস জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী মামুন বাদী হয়ে শিপনসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার রাজধানীর দৃক গ্যালারির এক কর্মকর্তা ব্যাংক থেকে তিন লাখ টাকা তোলার পর নিখোঁজ হন। পরে নারায়ণগঞ্জে তার লাশ পাওয়া যায়।
সাপ্তাহিক ছুটির দিন হলেও ধানমণ্ডি ৮ নম্বরের ডাচ বাংলা ব্যাংকের ওই শাখাটি শনিবার দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে।
