বরিশালে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
বরিশালে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছে।
বুধবার বিকেলে আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন আগৈলঝাড়ার বাকাল গ্রামের আলো মতি বেগম (৬৮) এবং উজিরপুরের নতুন শিকারপুর এলাকার আব্দুল আজিজ হাওলাদার (৪৫)।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক আত্মীয়র খোঁজ নিয়ে ইজিবাইকে তার বাড়ির সামনে নামার সময় একটি মোটরসাইকেল আলো মতি বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক খান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় পথচারী আজিজ হাওলাদার নিহত হয়েছেন।
বাসটি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল।
এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
