ভাষা সৈনিক মির্জা তোফাজ্জল হোসেন নেই
আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ভাষা সৈনিক মির্জা তোফাজ্জল হোসেন মুকুল মারা গেছেন।
সোমবার রাত পৌনে ১০টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়।
৮৭ বছর বয়সে মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের মৃত্যু হয়।
মৃত্যুর সংবাদ শুনে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা শহরের দিঘুলিয়ার বাসভবনে ছুটে যান।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের জানান, মঙ্গলবার বিকালে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ট এই সহযোগী ৪০ বছর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৭০ সালে তিনি পূর্ব পাকিস্থান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্যও ছিলেন তিনি।
আইনজীবী হিসেবে টাঙ্গাইল জজ আদালতের জিপি ও টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
