২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে তরুণীর অর্ধগলিত লাশ

ঢাকার আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 12:13 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার আতাউর রহমানের বাড়ির তৃতীয় তলার একটি ঘর থেকে রুপালী বেগমের (২৮) লাশ উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার এসআই অভিজিৎ চৌধুরী জানান।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার দিন ধরে তালাবদ্ধ ওই ঘর থেকে শুক্রবার পচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পরে তালা ভেঙে লাশ উদ্ধার করে পুলিশ।

“রুপালীকে হত্যার পর তার স্বামী ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহত রুপালী নরসিংদী জেলার রায়পুরা থানার তুলাতলী এলাকার জয়নাল আবেদীদের মেয়ে। তিনি ওই ঘরে স্বামীর সাথে ভাড়া থাকতেন।

ঘরে সিকিউরিটি কোম্পানি ‘এলিট ফোর্সের’ একটি পরিচয়পত্র পেয়ে তা থেকেই রুপালীর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে এসআই জানান।

তবে তার স্বামীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।