২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক হওয়া হলো না সুজনের

মাদারীপুরে ইউপি নির্বাচনে পুলিশের গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধার পরিবারের সদস্যদের জন্য কোনো সান্ত্বনাই মিলছে না।

রিপনচন্দ্র মল্লিক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 07:20 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

পুরনো খবর:

পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সুজনের আশা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। তার দরিদ্র পরিবারের সদস্যরা স্বপ্ন দেখেছিলেন সুজন একদিন পরিবারে স্বচ্ছলতা আনবে।

বৃহস্পতিবার ভোট গণনা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা (২১)।

সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল গ্রামের বাচ্চু মৃধার ছেলে তিনি।

বুরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে দাদাকে (বাবার চাচা) ভোট দিতে বুধবার সুজন বাড়ি এসেছিলেন।

ভোটের দিন সন্ধ্যায় ঘটনার প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান, সালমা আক্তারসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সুজনের দাদা মোতালেব মৃধা সদস্য পদে মোরগ মার্কা নিয়ে নির্বাচন করেছেন।

প্রথমবার ভোট গণনার পর কেন্দ্র থেকে বলা হয়, মোরগ মার্কা জিতে গেছে। কিন্তু তার ৫ মিনিট পর আবার ঘোষণা দেওয়া হয় প্রতিদ্বন্দ্বী আইয়ুব আলী ফকিরের ফুটবল মার্কা বিজয়ী হয়েছে।

এরপর দুপক্ষের দুই পক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক শোরগোল ও হইচই পড়ে যায়।

এক পর্যায়ে পুলিশের গুলিতে সুজন নিহত হন।

নিহত সুজনের বাবা বাচ্চু মৃধা আহাজারি করতে করতে বলেন, “আমার এই ছেলের স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। পুলিশ আমার বাবারে গুলি করে সব স্বপ্ন শেষ কইরা দিল।

“ছেলেরে মানুষ করতে আচার-বাদাম বেচা থেকে শুরু করে কী না করেছি।”

মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ ওই কেন্দ্রে কর্তব্যে থাকা কর্মকর্তাদের বরাত দিয়ে বলেন, “ব্যালট পেপার নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা যখন কেন্দ্র ছেড়ে চলে আসছিলেন তখন ওই ছেলে ব্যালট পেপার নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।”

এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এই ঘটনা নিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।