নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপি প্রার্থীর
ভোটের আগের দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের বিএনপি প্রার্থী রাইসুল আলম।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ভোলা জেলা বিএনপির এ যুগ্ম সম্পাদক।
প্রথম দফায় মঙ্গলবার উত্তর দিঘলদীসহ দেশের ৭২০ টি ইউনিয়নের ভোটগ্রহণের কথা রয়েছে।
শহরের আবহাওয়া অফিস সড়কে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ তার নির্বাচনী অফিস ভেঙ্গে দেওয়াসহ কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এর ফলে তার বহু কর্মী আত্মগোপনে চলে গেছে।
প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাননি দাবি করে বিএনপি এ নেতা বলেন, তাই নেতা কর্মীদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
এ সময় উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আবু বকর মোল্লাহসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
