প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
সেচ পাম্প বসানো নিয়ে বিরোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।
রোববার উপজেলার দুর্লোভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম।
নিহত আবদুল করিম (৫০) ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, ওই এলাকার একরামুল হক জমিতে সেচ দেওয়ার জন্য আব্দুল করিমের জমিতে শ্যালো ইঞ্জিন স্থাপন করেন। আব্দুল করিম পাম্প বসাতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়।
“এক পর্যায়ে একরামুল এবং তার লোকজন লাঠিসোঠা ও কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান করিম।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
