২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকিং বাতিল নিয়ম মানছে না হোটেল ব্লু-মেরিন

কক্সবাজারের আবাসিক হোটেল-মোটেলে বুকিং দেওয়া কক্ষ অপছন্দ হলে টাকা ফেরত দেওয়ার নিয়ম মানছে না প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের হোটেল ব্লু-মেরিন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 12:23 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

সপরিবার সেন্টমার্টিন বেড়াতে যাওয়া ঢাকার মিরপুরের বাসিন্দা মো. ফাহিমুল মুস্তাকিন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এই অভিযোগ করেন।

হোটেল কর্তৃপক্ষ বলছে, ‘বিশেষ নিয়মের’ কারণে বুকিং বাতিল দেখিয়ে গ্রাহককে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।

ফাহিমুল মুস্তাকিন বলেন, “বুধবার সেন্টমার্টিনের হোটেল ব্লু-মেরিনে অবস্থানের জন্য গত ৪ মার্চ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেট এলাকায় হোটেলটির সার্ভিস সেন্টারে গিয়ে চারটি কক্ষ বুকিং দিয়ে অগ্রিম টাকা জমা দিই। একই সময় টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য পর্যটকবাহী জাহাজের ১০টি টিকেটও সার্ভিস সেন্টারটির মাধ্যমে বুকিং দিই।

“পরদিন ৫ মার্চ ব্লু-মেরিনের সার্ভিস সেন্টারে গিয়ে একটি কক্ষ ও তিনটি জাহাজের টিকিট বাতিল করার কথা জানানো হয়। কিন্তু কক্ষ একবার বুকিং দিলে তা আর বাতিল করা যায় না বলে জানানো হয়। বুধবার সেন্টমার্টিনের ব্লু-মেরিনে গেলে হোটেল কর্তৃপক্ষও একই কথা বলেছে।”

এ বিষয়ে জানতে চাইলে হোটেলটির সেন্টমার্টিনের ইনচার্জ মো. মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ নিয়মের কারণে বুকিং বাতিল দেখিয়ে গ্রাহককে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়।”

তবে ওই বিশেষ নিয়ম সম্পর্কে মুখ খোলেননি তিনি।

সরকারি নিয়ম লঙ্ঘনের কারণ জানতে চাইলে মোতালেব হোসেন বলেন, “সরকারের নিয়মমতো ব্যবসা চালাতে গেলে লোকসানের কারণে হোটেল গুটিয়ে নিতে হবে। সেন্টমার্টিনে ব্যবসা হয় তো বছরে তিন মাস।”

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, “হোটেল কর্তৃপক্ষের নিয়মে তো দেশ চলে না। এক সপ্তাহ আগে বুকিং বাতিলের বিষয়টি অবহিত করার পরও ব্যবস্থা না নেওয়া ব্যবসায়িকভাবে অনৈতিক আচরণ। হোটেল কর্তৃপক্ষ বুকিং বাতিল দেখিয়ে যদি টাকা ফেরত না দেয়, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”