টাঙ্গাইলে মহাসড়কে যানজট
একটি বালুভর্তি ট্রাক উল্টে যাওয়ার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্তত আটঘণ্টা যানজট হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাটিয়াপাড়ায় ট্রাকটি উল্টে গেলে যানজট শুরু হয়। বেলা ১২টার দিকে যানজট কমে আসে।
যানজট এক পর্যায়ে কালিয়াকৈরের চন্দ্রা থেকে মির্জাপুরের নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার বিস্তৃত হয়ে পড়ে। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. এস এম শহীদুর রহমান বলেন, সকাল ৯টার পর থেকে যানজটের মাত্রা কিছুটা কমে আসে। তবে ঘণ্টা খানেক পর আবার যানজট বাড়তে থাকে।
টাঙ্গাইল গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির বলেন, বেলা ১০টার পর থেকে হাঠাৎ যান চলাচল প্রতিদিনের চেয়ে কয়েকগুণ বেড়ে গেলে আবার যানজট শুরু হয়।
তবে মির্জাপুর থানা, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ একযোগে কাজ করে দুপুরের পর থেকে চলাচল স্বাভাকি করেছে বলে জানান ওসি হুমায়ুন।
টাঙ্গাইল জেলা পুলিশের সার্জেন্ট মো. মাসুদর রহমান বলেন, টানা তিন দিনের ছুটি থাকায় বুধবার সন্ধ্যার পর থেকে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পায়। সেই সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপও কয়েকগুণ বেড়ে যায়।
“তাছাড়া জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ শুরু হওয়ায় মাটিভরতি ট্রাক মহাসড়কের বিভিন্ন স্থানে আনলোড করায় যানজটের সৃষ্টি হচ্ছে।”
ঢাকা থেকে ছেড়ে আসা বাস বিনিময় পরিবহনের চালক কমরুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে টাঙ্গাইল বাইপাস এলাকায় যানজটে আটকা পড়েন। ১৫ কিলোমিটার মহাসড়ক পাড়ি দিতে প্রায় এক ঘণ্টা লেগেছে।
