গাজীপুরে জামিন পেলেন মাহফুজ আনাম
মানহানির একটি মামলায় গাজীপুরে আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
সোমবার মুখ্য বিচারিক হাকিম আদালত-২ এর বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল হক জানান, সকাল ১১টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালত-২-এ মাহফুজ আনাম হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন।
“আদালত ১০ হাজার টাকার বন্ডে তার আবেদন মঞ্জুর করে।”
গত ১৬ ফেব্রুয়ারি গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ এ মামলাটি দায়ের করেন গাজীপুর জজ আদালতের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমানত হোসেন খান।
মামলায় ৫ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়।
জরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে এক ডজনের বেশি মামলা হয়।
এরমধ্যে বেশ কয়েকটি মামলায় তাকে বিভিন্ন জেলা আদালতে তলব করা হয়।
মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে এমন জেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ,যশোর, বরিশাল, ঝালকাঠি, নরসিংদী, বাগেরহাট, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও শেরপুর।
