মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ১৩ মামলা
জরুরি অবস্থার সময় যাচাই ছাড়া শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা হয়েছে।
সোমবার সিলেট, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, খাগড়াছড়ি ও নাটোরের আদালতে এসব মামলা করা হয়।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে ডেইলি স্টারে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
ওই সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়।
মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা শুরু হয়, রোববার পর্যন্ত অন্তত ১৮টি মামলা করা হয়েছে।
জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে সোমবারের মামলার বিস্তারিত:
সিলেট
জৈন্তাপুর বিচারিক হাকিম কুদরত-ই খোদার আদালতে ১৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।
সিলেট আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, আদালত মামলা আমলে নিয়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে দুটি মানহানির মামলা করেন মহানগর ছাত্রলীগ সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।
ওই দুই মামলায় ১০০ কোটি টাকা করে মোট ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে হওয়া মামলায় শত কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রাজু এ মামলা করেন।
বিচারক মুহাম্মদ মুনির হোসাঈন মামলা গ্রহণ করে পরবর্তী শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন বলে বাদীপক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান।
এর আগে গত মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন মাহফুজ আনামের বিরুদ্ধে।
সুনামগঞ্জ
সোমবার সুনামগঞ্জে আমলী আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম।
বাদীপক্ষের আইনজীবী শফিকুল আলম বলেন, “আদালত মামলা গ্রহণ করেছেন, তবে কোনো আদেশ দেননি।”
পাবনা
পাবনায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলার বাদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল।
সকালে পাবনা মুখ্য বিচারিক হাকিমের আমলি আদালত-১ এ মামলা করা হয়। বিচারক মো. রেজাউল করিম মামলাটি গ্রহণ করেছেন।
বাদী রেজাউর বলেন, “আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার নেত্রীর বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের কারণে মামলা করেছি।
নীলফামারী
নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক আদালতে (ডোমার আমলী আদালত) মাহফুজ আনামের বিরুদ্ধে দুই কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোমনাতী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল হামিদ।
বিচারক সামিউল ইসলাম মামলা আমলে নিয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে ডোমার থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
কুড়িগ্রাম
দণ্ডবিধির ১২৩(ক) ১২৪(ক) ১৩১/৫০০/৫০১ ধারায় করা মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিমের আদালতে করা মামলার বাদী জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলাল।
বিচারক মাকসুদুর রহমান মামলা আমলে নিয়ে সদর থানার ওসিকে সরকারের অনুমোদন নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ১৫ মার্চ মামলার পরবর্তী দিন রেখেছেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন মামলার তথ্য নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ বিচারিক হাকিম ‘ক’ অঞ্চলের আমলী আদালতে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় মানহানির মামলা করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এজাবুল হক বুলি।
বিচারক নুর নবী মামলা আমলে নিয়ে আগামী ২৮ এপ্রিল মাহফুজ আনামকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
কক্সবাজার
মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ নেতা সরওয়ার আজম সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুণ পালের আদালতে ১০০ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম গুন্দু জানান, বিচারক মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে কক্সবাজার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি একই আদালতে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয় মাহফুজ আনামের বিরুদ্ধে একই অভিযোগে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেন, আদালতের নির্দেশে যার তদন্ত করছে কক্সবাজার সদর মডেল থানা।
রাজশাহী
রাজশাহীতে মাহ্ফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক অভিযোগে একটি মামলা করেছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুস সালাম।
রাজশাহী মহানগর হাকিম মোকসেদা আজগরের আদালত বিচারক মামলাটি আমলে নিলেও কোনো আদেশ দেননি।
মামলায় দণ্ডবিধির ১২৩(ক), ১২৪(ক), ৫০০ ও ৫০১ ধারায় বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তারি পরোওয়ানা জারির আবেদন করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলের স্থানীয় পাঁচ নেতা মামলায় সাক্ষী করা হয়েছে।
পঞ্চগড়
পঞ্চগড়ে অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারিকুল ইসলামের আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
মামলায় দণ্ডবিধির ১২০(খ) ২, ১২৩(ক), ১২৪ (ক) ও ৫০৫(খ) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বিচারক জবানবন্দি গ্রহণের পর মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন বলে বাদী জানিয়েছেন।
রংপুর
মাহফুজ আনামের বিরুদ্ধে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মানহানির মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা।
দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা মামলায় একশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
মামলাটি আমলে নিয়ে বিচারক শফিউল ইসলাম ১ মার্চ বিবাদীকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল মালেক জানান।
খাগড়াছড়ি
খাগড়াছড়ির মূখ্য বিচারিক হাকিম আমলী আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা।
দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা মামলায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
বিচারক আবু সুফিয়ান মো. নোমান মামলা আমলে নিয়ে ১৬ মার্চ বিবাদীকে আদালতে হাজির হওয়ার আদেশ দেওয়া হয়েছে।
নাটোর
নাটোরের আদালতে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলেক শেখ।
দণ্ডবিধির ৫০০ ও ৫০৫ ধারায় করা মামলা আমলে নিয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামসুল-আল-আমিন ৩০ মার্চের মধ্যে বিবাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
