মাহফুজ আনামের বিরুদ্ধে তিন জেলায় ৫ মামলা
জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেট, খুলনা ও রাঙামাটিতে পাঁচটি মানহানির মামলা হয়েছে।
রোববার জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতারা বাদী হয়ে এ মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি জানান, রোববার জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক তসলিম হুসাইন তাজ বাদী মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে এবং সাংগঠনিক সম্পাদক পারভেজ হাওলাদার বাদী হয়ে মহানগর হাকিম মঞ্জুরুল হোসেনের আদালতে আরেকটি মামলা করেন।
বাদীর আইনজীবী ফরিদ আহমেদ বলেন, তাজের মামলায় মানহানির অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ এবং পারভেজের মামলায় কোটি টাকা ক্ষতিপূণ চাওয়া হয়েছে।
“তাজের মামলাটি আমলে নিয়ে হাকিম আয়েশা আক্তার মৌসুমী খুলনা সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আর পারভেজের মামলা আমলে নিয়ে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন হাকিম মঞ্জুরুল হোসেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি জানান, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন বাদী রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম সাইফুদ্দিন খালেদের আদালতে মামলাটি করেছেন।
বাদীর আইনজীবী পরিতোষ কুমার দত্ত জানান, মামলা আমলে নিয়ে রাঙামাটি কোতোয়ালি থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে মামলা দুটি করেন মহানগর ছাত্রলীগ সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার।
মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, আদালত মামলাগুলো আমলে নিয়ে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে এই ইংরেজি দৈনিকের সম্পাদক মাহফুজ আনামকে ।
প্রকাশিত ওই সংবাদে শেখ হাসিনা ও সংগঠনের মানহানি হয়েছে অভিযোগ করে ওই দুই মামলায় ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে জানান পিপি শামসুল।
এর আগে লক্ষ্মীপুর, খুলনা, গোপালগঞ্জ ও কক্সবাজারে মানহানির মামলা হয়েছে। এছাড়া ঢাকার একটি আদালতে এক আইনজীবী ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগও আনেন।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
তার ওই স্বীকারোক্তির পর আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতারাও ডেইলি স্টার ও পত্রিকাটির সম্পাদকের ওই ভূমিকার সমালোচনায় মুখর হন।
