২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের আদালতে হাজির হয়ে জামিন নিলেন মাহফুজ আনাম

জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার অভিযোগে একটি মানহানির মামলায় রংপুরের আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 01:08 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

পুরনো খবর:

মাহফুজ আনামের বিরুদ্ধে আরও ১৩ মামলা

একশ কোটি টাকার মানহানির এই মামলায় মঙ্গলবার সকালে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হন স্টার সম্পাদক। তার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মোয়েজ্জেম হোসেন।

প্রায় দশ মিনিট শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় বিচারক শফিউল আলম জামিন মঞ্জুর করেন বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক জানান।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগামী ২৬ মে হাজিরার পরবর্তী দিন রেখে মামলাটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্থানান্তর করেছেন বিচারক।”

বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়; বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে সে সময় গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।  

Image
মাহফুজ আনাম (ফাইল ছবি)

মাহফুজ আনাম (ফাইল ছবি)

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সে সময় শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে হাজার হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অর্ধশতাধিক মামলা হয়।

গত ১৫ ফেব্রুয়ারি রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মানহানির এই মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা।

দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় করা এ মামলায় একশ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয় স্টার সম্পাদকের কাছে। 

ওইদিন মামলাটি আমলে নিয়ে বিচারক শফিউল ইসলাম ১ মার্চ বিবাদীকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় মাহফুজ আনাম মঙ্গলবার হাজিরা দিলেন।