Published : 12 Mar 2016, 10:56 PM
শনিবার বিকালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে বিচারক মো. রোকন উদ্দিন কবির রোববার শুনানির দিন নির্ধারণ করে ১৬ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে বরকল থানার ওসি নীলু কান্তি বড়ুয়া জানান।
এর আগে বরকল জোনের গিরিরছড়া থেকে বিজিবি ১২ জনকে এবং চট্টগ্রামের বায়েজিদ থেকে র্যাব ৪ জনকে আটক করে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার ১২ জনের একটি দল রাঙামাটির বরকল উপজেলা সদরের এসএস টিলায় (ফালিট্যাঙা চুগ) বিজিবির ক্যাম্পে যায়। সেখানে ওই দলের সদস্য বিভাষ দেওয়ান নিজেকে সেকেন্ড লেফটেন্যান্ট বলে পরিচয় দেন।
“তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে বিভাষ দেওয়ানের তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি বাড়ি থেকে ৪ জনকে আটক করে।”
বিজিবির হাতে আটক ১২ জন হলেন বিভাষ দেওয়ান (২১), রাঙামাটির রাজবন বিহারের শান্তপ্রিয় স্থবির (৩৮) গ্রীমানন্দ ভিক্ষু (৩৫), বুদ্ধজ্যোতি শ্রমণ (২০), রিটেন চাকমা (২২), সুনীতি বিকাশ চাকমা (২৩), রিপেন চাকমা (২২), রিগেন চাকমা (১৮), ছন্দসেন চাকমা (৩৯), মুক্তবীর চাকমা (২২), রুহিত চাকমা (২১) ও জ্যাকসন চাকমা (২১)।
বায়েজিদ থেকে আটক ৪ জন হলেন জ্ঞানলাল চাকমা (২১), সোহেল চাকমা (২৩), রিটেন চাকমা (২২) ও স্মৃতি বিকাশ চাকমা।
তাদের কাছ থেকে ১৯টি মোবাইল সেট, তিনটি ক্যামেরা, একটি ক্যামেরার লেন্সসহ বিভাষ দেওয়ানের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক ও সেকেন্ড লেফটেন্যান্টের পরিচয়পত্র পাওয়া গেছে বলে ওসি জানিয়েছেন।
ওসি বলেন, “অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বরকল থানায় তাদের নামে মামলা করা হয়েছে।”