Published : 06 Jul 2026, 06:07 PM
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, “আইনগত অবশ্যই কোনও বাধা নেই। উনি (শেখ হাসিনা) ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিজিউর- সেটিই উনি ফলো করবেন।”
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা কলেন তিনি।
বিরোধীদলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, “বিরোধী দলে যারা থাকেন, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই।
“ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কী ভুলভ্রান্তি, যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনাদের পজিটিভ কোনও ফিডব্যাক দেন, যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকাম।”
এ সময় রুমিন ফারহানার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।