লক্ষ্মীপুরে অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে শিশু নিহত
লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও ১০ জন আহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানী কলেজ এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত মো. শাহরিয়ার (৭) চরমনসা গ্রামের মো. ইব্রাহীমের ছেলে ও আমরিতোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাযাত্রী শাহরিয়ার ঘটনাস্থলেই মারা যায়।
“এছাড়া অটোরিকশা ও লেগুনা দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যাওয়ায় দুই বাহনের আরও ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যায়।”
মারজাহান বেগম, রহিম, হিরণ, রৌশন, নুর হোসেন, নুরবানু ও নুরজাহানকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
