সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুষ্টিয়া সদর উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও একজন।
রোববার বেলা ১১টার দিকে শহরতলীর জগতিতে আনিস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান।
এরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামের শাহিন (২৭) ও আশিক (৩০)।
অসুস্থ মিঠুকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শহিদুল বলেন, আনিস মোল্লার নবনির্মিত বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা তৈরি করছিলেন নির্মাণ শ্রমিকরা। ট্যাংকের ভেতরের কাঠ ও বাঁশ বের করে আনার জন্য শাহিন, আশিক ও মিঠু ঢাকনা খোলে।
“এরপর শাহিন ও আশিক ট্যাংকের ভেতরে নামলে তারা অজ্ঞান এবং উপরে থাকা মিঠু মাথা ঘুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহিন ও আশিককে মৃত ঘোষণা করেন।”
হাসপাতালের চিকিৎসক আশরাফুল হাসান অঞ্জন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়া তাদের মৃত্যুর কারণ।
