২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা-ফরিদপুরে মাহফুজ আনামকে তলব

মানহানির অভিযোগে করা দুই মামলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে হাজিরার নির্দেশ দিয়েছে মাগুরা ও ফরিদপুরের দুটি আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ফরিদপুর, মাগুরা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 11:47 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

এছাড়া চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ কোটি টাকার আরেকটি মানহানি মামলা করেছেন স্থানীয় এক আইনজীবী।

মাগুরার মামলায় আগামী ৮ মার্চ এবং ফরিদপুরের মামলায় আগামী ১৫ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সোমবার আদেশ জারি করেন এ দুই জেলার দুই জ্যেষ্ঠ বিচারিক হাকিম।

মাগুরায় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সবুজের করা ৫০ হাজার কোটি টাকা মানহানির মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলাম এ আদেশ দেন বলে বাদীপক্ষের আইনজীবী রাশেদ মাহমুদ শাহীন জানান।

ছাত্রলীগ নেতা সোহরাব গত ১৮ ফেব্রুয়ারি ওই মামলা করেন।

এদিকে ফরিদপুরের মামলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হামিদুল ইসলাম ডেইলি স্টার সম্পাদককে হাজিরার জন্য সমন জারি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ফরিদপুর জেলার পাবলিক প্রসিকিউটর খসরুজ্জামান দুলু।

৫০ কোটি পাঁচ লাখ টাকা মানহানির অভিযোগে এই মামলা করেছিলেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদ বেপারি।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে ডেইলি স্টারে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

ওই সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা করা হয়।

চুয়াডাঙ্গায় মানহানির নতুন মামলা

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন জেলা আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি।

সোমবার দুপুরে এ মামলা দায়েরের পর বিচারক এবিএম মাহমুদুল হক শুনানি শেষে আদেশের জন্য আগামী ৮ মার্চ দিন রেখেছেন।

বাদীপক্ষে আইনজীবী আবুল বাশার মামলার শুনানিতে উপস্থিত ছিলেন।