সারবাহী বগির হুক ছিঁড়ে সিলেটের পথে ট্রেন বন্ধ
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঢাল দিয়ে ওঠার সময় সারবাহী ট্রেনের বগির সংযোগ ছিঁড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার মো. শাখাওয়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা পৌনে ৩টার দিকে পার্বতীপুর এক্সপ্রেসের দুটি বগির সংযোগ ছিঁড়ে যাওয়ার পর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে রেল চলাচল বন্ধ রয়েছে।
তিনি বলেন, সংযোগ হুক ছিড়ে দুটি বগি প্রায় তিন কিলোমিটার পেছনে চলে যায়। এ সময় বগিগুলোর চাকার ঘর্ষণে এক কিলোমিটার পথের কোথাও আংশিক, কোথাও সম্পূর্ণ বসে গেছে।
“রেলপথের ওই অংশ মেরামত ও কিছু অংশ পুনঃসংযোগের পর ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।”
ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে পার্বতীপুর এক্সপ্রেস সার নিয়ে যাচ্ছিল। লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিলা এলাকার একটি স্থানে (ঢাকা থেকে ২৯৭ কিলোমিটার) পেছনের দুটি বগির সংযোগ ছিঁড়ে যায়। এরপর বগি দুটি তিন কিলোমিটার পেছনে গিয়ে থামে।
শ্রীমঙ্গল গণপূর্ত (রেল) ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী আলী আজম বলেন, “আসলে এ পাহাড়ে বেশ কয়েকটি উঁচু টিলা রয়েছে। তেলবাহী ট্যাংকার ও সারবাহী ট্রেন এ টিলা অতিক্রমের সময় সমস্যায় পড়ে।”
রোববারের ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে ও জয়ন্তিকা সাতগাঁও স্টেশনে আটকা পড়েছে।
