মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেক মামলা
জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা হয়েছে।
রোববার নেত্রকোণার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আলমগীর কবীর শিপনের আদালতে মামলাটি দায়ের করেন জেলা জজ আদালতের পিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল।
এর আগে ঢাকার একটি আদালতেও ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেন এক আইনজীবী।
জিএম খানের আইনজীবী মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলার তদন্তের জন্য নেত্রকোণা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়ে ১৫ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলেছে।
ফাইল ছবি
“রাষ্ট্রদ্রোহের অভিযোগে ১২০ (ক) ও ১২৪ (ক) ধারার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১২৪ (ক) ধারায় মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।”
মামলার অভিযোগে বলা বলা হয়, ডেইলি স্টার পত্রিকায় শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট প্রকাশ করেন মাহফুজ আনাম। তারা একটি অসাংবিধানিক সরকারকে সহায়তা করতে শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালান।
সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
তার ওই স্বীকারোক্তির পর আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতারাও ডেইলি স্টার ও পত্রিকাটির সম্পাদকের ওই ভূমিকার সমালোচনায় মুখর হন।
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় রাষ্ট্রদ্রোহ মামলায় মাহফুজ আনামকে গ্রেপ্তারের দাবি জানান এবং ইংরেজি এই দৈনিকটি বন্ধের পাশাপাশি মাহফুজ আনামের বিচার দাবি করেন কয়েকজন সংসদ সদস্য।
এঘটনায় বৃহস্পতিবার ঢাকার নয় নম্বর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান দুলাল মহানগর হাকিম আদালতে প্রথম রাষ্ট্রদ্রোহের মামলা করেন।
ওই ঘটনায় এর আগে ৯ ফেব্রুয়ারি খুলনা ও লক্ষ্মীপুরে এবং বৃহস্পতিবার গোপালগঞ্জের আদালতে মানহানির তিনটি মামলা হয়।
