২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা ফেরত দিলেন কৃষক  

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) হারিয়ে পাওয়া দুই লাখ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়েছেন নওগাঁর এক কৃষক।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 06:51 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

মঙ্গলবার রাকাবের নওগাঁ পত্নীতলা শাখায় গিয়ে ব্যবস্থাপকের কাছে টাকা ফেরত দেন সাদেক উদ্দীন।

সাদেক উপজেলার ডাবড়কুড়ি গ্রামের তাছির উদ্দীনের ছেলে। তিনি কৃষিকাজ করেন।

পত্নীতলা শাখার কর্মকর্তা মেজবাউল হক মেজবা বলেন, গত শনিবার পত্নীতলা শাখার ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন ব্যাগে করে নগদ লাখ টাকা ও গুরুত্বপূণ কাগজপত্র নিয়ে মোটরসাইকেলে করে নজিপুর থেকে বদলগাছী যাচ্ছিলেন। পথে টাকা ও কাগজপত্রের ব্যাগটি পড়ে যায়। বদলগাছী গিয়ে ব্যাগ না পেয়ে অনেক খোঁজাখুজির পর রাতে মাইকিং করা হয়।

“বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে মঙ্গলবার দুপুরে পত্নীতলা শাখায় এসে ব্যবস্থাপক সৈয়দ বদরে আলমের কাছে দুই লাখ টাকা বুঝিয়ে দেন সাদেক।”

এ বিষয়ে সাদেক বলেন, টাকার ব্যাগটি রাস্তায় পাই। পরে মাইকিং শুনে চেয়ারম্যানের কাছে গেলে তিনি সঙ্গে করে ব্যাংকে নিয়ে আসেন।

সাদেক উদ্দীনের সততায় খুশি হয়ে ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম তাকে ১০ হাজার টাকা দিয়ে পুরস্কার দেন।

এর আগে সোমবার সুনামগঞ্জে লক্ষাধিক টাকার চেক ও নগদ টাকা কুড়িয়ে পেয়ে মালিককে ফেরত দেন এক রিকশাচালক।