২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পুড়েছে ২০টি দোকান

দিনাজপুরের কাহারোল উপজেলার বলেয়া বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 11:26 AM

Updated : 11 Oct 2022, 07:44 PM

বৃহস্পতিবার ভোরে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের একজন সোহেল রানা জানান, চায়ের দোকানদার ভৈরব রায় রাতে চুলার উপর খড়ি শুকাতে দিয়ে বাড়ি চলে যান। আগুনের তাপে চুলার উপরে রাখা খড়িতে আগুন ধরে ওই চায়ের দোকানসহ আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। 

“ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ২০টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।”

পুড়ে যাওয়া দোকানের মধ্যে মুদিখানা, মনোহারি দোকান, কাপড়ের দোকান, ধান-চালের দোকান রয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নুর হাসান জানান, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।