২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টির টিকেট না পেয়ে ব্যাংকে ভাংচুর

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের টিকেট না পেয়ে খুলনায় একটি ব্যাংকে ভাংচুর করেছে টিকেট প্রত্যাশীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 05:13 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার দুপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের খানজাহান আলী রোড শাখায় এ ভাংচুরের এ ঘটনা ঘটে বলে খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ ম্যাচের টিকেটের জন্য বুধবার গভীর রাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনের সড়কে দীর্ঘ লাইন পড়ে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টিকেট দেওয়া শুরু হয়।

“দুপুরের দিকে টিকেট না পেয়ে লাইন থেকে তারা ব্যাংকের সামনে দেওয়া বাঁশের ঘের ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশের বাদানুবাদ ও সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে টিকেট প্রত্যাশীরা ব্যাংকের দরজা জানালার কাচ ভাংচুর করে “

পরে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয় বলে জানান ওসি।