ফেনী হাসপাতালে শিশু চুরির অভিযোগ
ফেনী সদর হাসপাতাল থেকে আট মাস বয়সী এক শিশু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সদর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, সোমবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে মেহেদি হাসান নামের শিশুটিকে দুই নারী চুরি করে নিয়ে গেছে বলে তার মা মোহসেনা বেগম অভিযোগ করেছেন।
মেহেদি ছাগলনাইয়া উপজেলার মধ্য শিলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
তবে প্রাথমিক তদন্তে চুরির অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে জানান ওসি।
মোহসেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেহেদি হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে দুপুরে তাকে নিয়ে সদর হাসপাতালে আসি। শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের স্লিপ নেওয়ার জন্য হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগের লাইনে দাঁড়িযে থাকা দুই নারীর কাছে তাকে রেখে টয়লেটে যাই।
“ফিরে এসেছে মেহেদি এবং দুই নারীকে আর খুঁজে পাইনি।”
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাহায্যে থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সরওয়ার জাহান বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে, তারা তদন্ত করছেন।
ওসি মোর্শেদ বলেন, “অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। তবে হাসপাতালে প্রবেশের সময় মোহসেনার কোলে কোনো বাচ্চা দেখা যায়নি।”
তবুও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
