২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ‘যৌতুকের’ দাবিতে স্ত্রীকে পিটিয়ে ‘হত্যা’

নওগাঁয় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

সোমবার দুপুরে থানার সামনে একটি ভ্যান থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয় বলে জানান নওগাঁ সদর মডেল থানা ওসি মো. জাকিরুল ইসলাম।

নিহত সাজেদা আক্তার সাথী (১৪) উপজেলার ঘাট তিলকপুর এলাকার দেলোয়ার হোসেন আকাশের স্ত্রী।

ঘটনার পর থেকে দেলোয়ার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে ওসি জানান।

সাথীর বাবা আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত  বছর ঢাকা থেকে পালিয়ে নওগাঁয় এসে দেলোয়ারকে বিয়ে করে সাজেদা। বিয়ের পর থেকেই দেলোয়ার পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে সাজেদাকে মারধর করত।

“এর জেরে রোববার রাতের কোনো এক সময় দেলোয়ার আমার মেয়েকে হত্যার পর লাশ ভ্যানে করে থানার সামনে রেখে পালিয়ে গেছে।”

ওসি জাকিরুল বলেন, সকালে থানার সামনে থেকে সাজেদার লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।