রিভিউ চাইবেন সাঈদীও
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে দেওয়া হলেও সেই রায় পুনর্বিবেচনার আবেদন করে খালাস চাইবেন এই জামায়াত নেতা।
বুধবার গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ গিয়ে সাঈদীর সঙ্গে দেখা করার পর তার ছেলে ও তিন আইনজীবী সাংবাদিকদের এ কথা জানান।
সাঈদীর আইনজীবী মতিউর রহমান আখন্দ বলেন, “আপিল বিভাগে এ মামলায় তিন রকমের রায় হয়েছে। একজন বিচারপতি খালাস দিয়েছেন, একজন বিচারপতি মৃত্যুদণ্ড এবং বাকি তিনজন আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন।
“বিচারে এতো তারতম্য হবে কেন। এতে প্রামাণিত হয়- রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যেখানে অভিযোগ প্রমাণিতই হয়নি, সেখানে তো এ সাজা থাকার প্রশ্ন ওঠে না।”
এই যুক্তিতে সাঈদী রিভিউ চাইবেন জানিয়ে তার আইনজীবী বলেন, “তিনি বিশ্বাস করেন, রায়ে তিনি ন্যায়বিচার পাবেন এবং অবশ্যই মুক্ত হবেন।”
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সাঈদীর ছেলে মাসুদ সাঈদী এবং তিন আইনজীবী অ্যাডভোকেট এম ইউসুফ আলী, অ্যাডভোকেট সাইফুর রহমান ও অ্যাডভোকেট মতিউর রহমান প্রায় আধা ঘণ্টা কারাগারে জামায়াতের এই নায়েবে আমিরের সঙ্গে কথা বলেন।
আগের দিন মঙ্গলবার রাষ্ট্রপক্ষও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জমা দেয়।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ সাঈদীকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা রাষ্ট্রপক্ষ রিভিউ পিটিশন করেছি।”
নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর তা হাতে পাওয়া অথবা অবহিত করা- এর মধ্যে যেটি আগে হয়, তখন থেকে ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে পারে রাষ্ট্র বা আসামিপক্ষ।
মাসুদ সাঈদী মঙ্গলবার বলেছিলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি তারা হাতে পেয়েছেন ৩ জানুয়ারি। ১৫ দিনের হিসেবে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় আছে তাদের।
আপিল বিভাগে আসা এটাই যুদ্ধাপরাধের প্রথম মামলা, যেখানে রাষ্ট্রপক্ষ কোনো আসামির সাজা পুনর্বহাল চেয়ে আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করল।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এরপর সাঈদী আপিল করলে গতবছর ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।
আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করায় সাঈদীকে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন বলতে ‘স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত’কারাবাস বোঝাবে বলে ব্যাখ্যা দেয় আদালত।
এছাড়া ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য সাঈদীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।
এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল।
আপিলে রায় হওয়া বাকি চারটি মামলার আসামি জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ চেয়েছিলেন। তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় ফাঁসিও কার্যকর করা হয়েছে।
জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে ৬ জানুয়ারি রায় ঘোষণা করে আপিল বিভাগ।
