সাঈদীর রায়: রিভিউ চেয়েছে রাষ্ট্রপক্ষ
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে দেওয়া আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ, যাতে ট্রাইব্যুনালের দেওয়া প্রাণদণ্ড পুনর্বহালের আরজি জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষে এই আবেদন জমা দেন অ্যাডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ সাঈদীকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে আমরা রাষ্ট্রপক্ষ রিভিউ পিটিশন করেছি।”
আপিল বিভাগে আসা এটাই যুদ্ধাপরাধের প্রথম মামলা, যেখানে রাষ্ট্রপক্ষ কোনো আসামির সাজা পুনর্বহাল চেয়ে আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করল।
আপিলের রায়ের ১৫ মাস পর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সর্বোচ্চ আদালত পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করলে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এরপর সাঈদী আপিল করলে গতবছর ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।
সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বুধবার।
“আইনজীবীরা কারাগারে আমার বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। সাক্ষাত শেষে রিভিউয়ের সিদ্ধান্তের বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।”
যদি সিদ্ধান্ত হয়, তাহলে প্রস্তুতি শেষে শিগগিরই রিভিউ দাখিলের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মাসুদ সাঈদী বলেন, “পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আমরা ৩ জানুয়ারি হাতে পেয়েছি। ১৫ দিনের হিসেবে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় আছে।”
নিয়ম অনুযায়ী, পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর তা হাতে পাওয়া অথবা অবহিত করা- এর মধ্যে যেটি আগে হয়, তখন থেকে ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে পারে রাষ্ট্র বা আসামিপক্ষ।
আপিলের রায়ে ১০, ১৬ ও ১৯ নম্বর অভিযোগে হত্যা, নিপীড়ন, অপহরণ, নির্যাতন, ধর্ষণ ও ধর্মান্তরে বাধ্য করায় সাঈদীকে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন বলতে ‘স্বাভাবিক মৃত্যুর সময় পর্যন্ত’কারাবাস বোঝাবে বলে ব্যাখ্যা দেয় আদালত।
এছাড়া ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য সাঈদীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আপিল বিভাগ।
এর মধ্যে ৮ ও ১০ নম্বর অভিযোগে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল।
‘পাঁচ যুক্তি’
মাহবুবে আলম বলেন, “এই রিভিউ আবেদন দায়ের করে আমরা বলতে চেয়েছি, ইব্রাহীম কুট্টি এবং বীসাবালি হত্যার দায় থেকে সাঈদী কোনো রকম অব্যাহতি পেতে পারেন না। ট্রাইব্যুনালে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি পুনর্বহাল করার জন্য আমরা আবেদন করেছি।”
রিভিউ আবেদনে রাষ্ট্রপক্ষ কী যুক্তি দিচ্ছে- এ প্রশ্নে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, তারা পাঁচটি ‘গ্রাউন্ডে’ এই আবেদন করেছেন।
“আমরা মৃত্যুদণ্ড বা অন্য কোনো দণ্ড চাইনি। আমরা চেয়েছি, যে উপযুক্ত দণ্ডটা দিয়েছিল ট্রাইব্যুনাল, সেটি পুনরুদ্ধার হোক।”
আপিল বিভাগের যে বেঞ্চ এ মামলার রায় দিয়েছিল, সেখানে সদস্য ছিলেন পাঁচজন। আর এখন যে বেঞ্চ যুদ্ধাপরাধ মামলার আপিল শুনছে, সেখানে আছেন চারজন।
এই অবস্থায় সাঈদীর রিভিউ কোন বেঞ্চ শুনতে পারে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, বেঞ্চটি কীভাবে হবে সুপ্রিম কোর্টই সে সিদ্ধান্ত নেবে।
রিভিউয়ে দণ্ড পরিবর্তনের নজির আছে কি না জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “আমি তো আর পৃথিবীর সমস্ত রিভিউ পিটিশন নিয়ে ঘাটাঘাটি করিনি, তবে প্রতিটি আইনেই নতুনভাবেই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়। কাজেই রিভিউয়ে দণ্ড বাড়বে না- এটি স্বতঃসিদ্ধ নয়। এটি সম্পূর্ণ আদালতের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে।”
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, ৬৫৩ পৃষ্ঠার নথিপত্রসহ মূল রিভিউ আবেদনটি ৩০ পৃষ্ঠার।
আপিল বিভাগ থেকে এ পর্যন্ত যুদ্ধাপরাধ মামলার যে ছয়টি রায় এসেছে, তার মধ্যে কেবল সাঈদীর ক্ষেত্রেই রিভিউ শুনানি বাকি রয়েছে। আর মতিউর রহমান নিজামীর ক্ষেত্রে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায়।
বাকি চার মামলায় জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ খারিজ হয়ে যাওয়ায় তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। জামায়াত আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে ৬ জানুয়ারি রায় ঘোষণা করে আপিল বিভাগ।
