সাঈদীর রায়: রিভিউ করবে রাষ্ট্রপক্ষ
যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হলে এক প্রশ্নের জবাবে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রায়ের প্রত্যায়িত অনুলিপির জন্য আবেদন করা হয়েছে। অনুলিপি হাতে পাওয়ার পর রিভিউ করা হবে। এক্ষেত্রে নির্ধারিত ১৫ দিনের মধ্যেই রিভিউ করতে হবে।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম অভিযুক্ত ব্যক্তি হিসাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিচার শুরু হয়েছিল ২০১১ সালের ৩ অক্টোবর। হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এরপর সাঈদী আপিল করলে গতবছর ১৭ সেপ্টেম্বর পাঁচ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে রায় দেয়, তাতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে।
একাত্তরে ভূমিকার কারণে ‘দেইল্যা রাজাকার’ নামে খ্যাত এই জামায়াত নেতার সাজা কমার রায়ে সে সময় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই জামায়াত নেতার ছেলে মাসুদ সাঈদী ও আইনজীবী মিজানুল ইসলাম বলেন, তারা খালাস আশা করেছিলেন। রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পুনর্বিবেচনার আবেদন করবেন।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম গত ২৩ অগাস্ট নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, “আপিল বিভাগ চূড়ান্ত রায়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে তার মৃত্যুদণ্ডাদেশ চেয়ে রিভিউ পিটিশন করা হবে।”
