২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কাউটস কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

রংপুর স্কাউটস ভবনে ঢাকার ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

বুধবার রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন ওই নারী।

বিচারক কেজি মোস্তফা মামলাটি আমলে নিয়ে দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) আদেশ দিয়েছেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার রফিক হাছনাইন জানান।

আসামিরা হলেন রংপুর জেলা স্কাউটসের সহকারী পরিচালক লিয়াকত হোসেন ও জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান এলাহী ওরফে এলাহী ফারুক।

ফারুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ঢাকা স্কাউটস সমিতিতে সহকারী পরিচালক পদে চাকরি করার সময় লিয়াকত হোসেনের (৩৬) সঙ্গে পরিচয় হয় ইংরেজি মাধ্যম স্কুলের ওই শিক্ষিকার। শিক্ষকতার পাশাপাশি তিনি স্কাউটস প্রশিক্ষকও ছিলেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

“এর মধ্যে লিয়াকত রংপুর জেলা স্কাউটসে বদলি হয়ে আসেন। বিয়ের করবেন বলে ওই শিক্ষিকাকে রংপুরে আসতে বলেন তিনি। গত সোমবার ভোরে রংপুরে আসেন ওই শিক্ষিকা। লিয়াকত কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে রিকশায় করে রংপুর স্কাউটস ভবনের দোতলায় নিয়ে আসেন। সোমবার সন্ধ্যার পর কাজী ডেকে বিয়ে করবেন বলে জানান লিয়াকত। এতে সায় এলাহী ফারুক (৪৫) দেন।”

তিনি আরও জানান, সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও কাজী না আসায় তিনি ঢাকায় ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। এতে বাধা দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন লিয়াকত। রাজি না হওয়ায় হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন।

এ সময় এলাহী ফারুক ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করেন। পরে লিয়াকত খাবার নিয়ে আসার কথা বলে বাইরে গেলে এলাহী ফারুক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। রাজি না হওয়ায় ধর্ষণের দৃশ্য ফেইসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন।এতেও রাজি না হওয়ায় এলাহী ফারুক তাকে শারীরিকভাবে নির্যাতন করেন বলে মামলা উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঘটনার শিকার শিক্ষিকা রংপুর কোতোয়ালি থানায় মামলা যান।  তবে তার অভিযোগ নথিভুক্ত না করায় তিনি আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন,“ধর্ষিতার একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে মামলা রুজু করা হতো। তার আগেই তিনি আদালতে মামলা করেছেন।”

রংপুর জেলা স্কাউটসের কমিশনার সিদ্দিকুর রহমান বলেন, “বিষয়টি শুনেছি। তা সভাপতিকে অবহিত করেছি।”

জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, মামলা নথি দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে মামলার খবর পাওয়ার পর থেকে লিয়াকত হোসেন গা ঢাকা দিয়েছেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে এলাহী ফারুক বলেন, “মেয়েটিকে আমি চিনি না। কী ঘটেছে তাও জানি না। কি উদ্দেশ্যে মামলা করা হলো সেটাও বোধগম্য হচ্ছে না।”